দেশে গত এক মাসে (এপ্রিল) ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৫৪৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, এসব দুর্ঘটনায় মোট ৫৪৩ জনের মৃত্যু হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬১২ জন। নিহতদের মধ্যে ৬৭ জন নারী এবং ৮১ জন শিশু রয়েছে।
শনিবার (৭ মে) প্রকাশিত ওই প্রতিবেদনে সংস্থাটি জানায়, এসব দুর্ঘটনার মধ্যে ১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৬ জন নিহত হয়েছেন; যা মোট নিহতের ৩৭ দশমিক ৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪ দশমিক ২৬ শতাংশ। এপ্রিল মাসে দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১ দশমিক ৩৬ শতাংশ। আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৭ জন, অর্থাৎ ১৬ শতাংশ।
এ সময়ে ৬টি নৌ-দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন এবং ছয় জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে ২১টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
সংস্থাটি বলছে, সড়ক দুর্ঘটনায় গত এপ্রিল মাসে প্রতিদিন গড়ে ১৮ জন নিহত হয়েছে। মার্চ মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছিল ১৯ জন। এই হিসাবে মার্চের তুলনায় এপ্রিল মাসে প্রাণহানি কমেছে ৪ দশমিক ৭৩ শতাংশ। তবে এটা উন্নতির কোনও টেকসই সূচক নির্দেশ করছে না।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৪৩১ জন, অর্থাৎ ৭৯ দশমিক ৩৭ শতাংশ।